উচ্ছ্বসিত গ্রাহকরা।। ডেসটিনির এমডি ও চেয়ারম্যানের জামিন।।।

S M Ashraful Azom
সেবা ডেস্কঃ প্রায় চার বছর বিনা বিচারে জেলে থাকার পর ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিনের আদেশ হওয়ায় উচ্ছ্বসিত গ্রুপটির বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশকরা। জামিনের খবর শুনে তাঁদের কেউ কেউ এলাকায় মিষ্টি বিতরণ করেছেন। প্রায় চার বছর ধরে ডেসটিনি গ্রুপের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়া এসব গ্রাহক-পরিবেশক নতুন করে আয়ের স্বপ্ন দেখছেন। তাঁদের আশা, দেশে বিদ্যমান আইনকানুনের আওতায় থেকে ডেসটিনি গ্রুপ আবারও ব্যবসায়িক কার্যক্রম চালুর অনুমতি পাবে। আয়-রোজগারের পথ খুলবে ৪৫ লাখ গ্রাহক-পরিবেশকের। ডেসটিনি গ্রুপের প্রধান তিনটি প্রতিষ্ঠানের মধ্যে ডেসটিনি-২০০০ লিমিটেড দেশের সবচেয়ে বড় মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠান। আগে দেশে এমএলএম ব্যবসার কোনো আইন বা নীতিমালা ছিল না। ২০১৩ সালের অক্টোবরে ‘মাল্টিলেভেল মার্কেটিং (নিয়ন্ত্রণ) বিল’ জাতীয় সংসদে পাস হয়েছে। এর আওতায় বিদ্যমান এমএলএম কম্পানিগুলোকে নতুন করে নিবন্ধন নেওয়ার কথা বলা হয়েছে। ডেসটিনি-২০০০ লিমিটেড এই আইনের আওতায় নিবন্ধনের জন্য আবেদন করলেও তা পায়নি। পরিবেশকদের আশা, নতুন আইনের আওতায় ডেসটিনি-২০০০ লিমিটেড নিবন্ধন পাবে। বিপুলসংখ্যক কর্মসংস্থানের কথা বিবেচনায় নিয়ে সরকার প্রতিষ্ঠানটিকে আইনের আওতায় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুযোগ দেবে। ডেসটিনি গ্রুপের অপর বৃহত্ প্রতিষ্ঠান ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ব্যবসায়িক কার্যক্রমও বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটির লাইসেন্স স্থগিত রেখেছে সমবায় অধিদপ্তর। ডেসটিনির গ্রাহক-পরিবেশকরা বলছেন, দেশের অন্য কো-অপারেটিভ প্রতিষ্ঠানগুলোর মতো তাঁদের প্রতিষ্ঠানটিও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুযোগ পাবে। ইতিমধ্যে সমবায় অধিদপ্তর ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নিবন্ধন নবায়ন করতে একটি কমিটি গঠন করে কাজ করছে বলে জানিয়েছেন তাঁরা। এমডি মুক্ত হলে গ্রুপটির অপর বৃহত্ প্রতিষ্ঠান ডেসটিনি ট্রি প্লান্টেশন লিমিটেডের গাছগুলোও রক্ষা পাবে। এ ছাড়া ডেসটিনি গ্রুপের সম্পদ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। পরিবেশকরা আশা করছেন, ৪৫ লাখ গ্রাহকের বিনিয়োগ, কর্মসংস্থান ও তাঁদের ওপর নির্ভরশীল প্রায় দুই কোটি মানুষের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার দ্রুত ওই সম্পদগুলো কোম্পানির হাতে ন্যস্ত করবে। ডেসটিনি গ্রুপে প্রায় ২০ লাখ টাকা বিনিয়োগ করেছেন এমন একজন বলেন, ‘গত প্রায় চার বছর আমরা ন্যায়বিচারের অপেক্ষায় ছিলাম। শুরু থেকে এখন পর্যন্ত আমাদের কেউই কোম্পানির বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। আমি এখনো মনে করি, আমার বিনিয়োগ ডেসটিনি গ্রুপের এমডি-চেয়ারম্যানের কাছে নিরাপদ। প্রায় চার বছর ধরে তাঁরা জেলে থাকায় আমরা মানবেতর জীবন যাপন করছি। এর আগে এমএলএম পদ্ধতিতে পণ্য বিপণন করে পরিবার নিয়ে বেশ ভালো ছিলাম।’ রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেনের জামিনে সরকার ও আদালতকে ধন্যবাদ জানিয়ে এই বিনিয়োগকারী বলেন, ২০১৩ সালে এমএলএম ব্যবসার আইন হয়েছে। আমরা আশা করছি, ডেসটিনিকে ওই আইনের আওতায় ব্যবসা করার সুযোগ দেওয়ার মধ্য দিয়ে ৪৫ লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করবে সরকার। এ ছাড়া এমডি ও চেয়ারম্যানের অনুপস্থিতিতে ডেসটিনি গ্রুপের সম্পদ পুলিশের হেফাজতে রয়েছে। এসব সম্পদ অনেক প্রভাবশালী লোকজন দখল করে নিচ্ছে। ডেসটিনির সম্পদের উপযুক্ত ব্যবহারের জন্য তা শিগগিরই কোম্পানিকে বুঝিয়ে দেওয়া হবে। এ ছাড়া কো-অপারেটিভের স্থগিত লাইসেন্স নবায়ন করে আইনের আওতায় ব্যবসার সুযোগ দেওয়া হবে। আরেক পরিবেশক মিতালুর রহমান চৌধুরী বলেন, ‘আমরা ডেসটিনি গ্রুপে যে অর্থ বিনিয়োগ করেছি তা কোম্পানির কাছ থেকে ফেরত চাই না। আমরা চাই কোম্পানি ব্যবসা সচল করে আগের মতো আমাদের লভ্যাংশ দেবে, তা দিয়ে পরিবার-পরিজন নিয়ে ভালোভাবে বেঁচে থাকব।’  
দায়-দেনা ও সম্পদ : ডেসটিনি গ্রুপের আয়-ব্যয় ও দায়সহ সম্পত্তির পূর্ণ বিবরণ তুলে ধরে গ্রুপটির অর্থ উপদেষ্টা রণঞ্জিত চক্রবর্তী গত জানুয়ারিতে ‘ডেসটিনি গ্রুপ সম্পর্কিত প্রকৃত তথ্যাবলি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের বিভিন্ন মন্ত্রীর কাছে পাঠিয়েছেন। ওই প্রতিবেদন অনুযায়ী, ডেসটিনি গ্রুপের মোট ৩৪টি প্রতিষ্ঠানের অনুমোদিত মূলধন ৪,৪০৮ কোটি টাকা, পরিশোধিত মূলধন ১,৬৩৫ কোটি টাকা। ২০০০ সালের ডিসেম্বরে যাত্রা শুরুর পর ২০১২ সালের মে পর্যন্ত ডেসটিনি ২০০০, ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি (ডিএমসিএসএল) ও ডেসটিনি ট্রি প্লান্টেশনের (ডিটিপিএল) মোট আয় ৫,১২১ কোটি টাকা। এই তিনটি কোম্পানি বাদে বাকি কোম্পানিগুলো প্রচলিত ধারার ব্যবসা-বাণিজ্যে সম্পৃক্ত। সেখানে গ্রাহক বা পরিবেশকদের সরাসরি কোনো বিনিয়োগ নেই। আয়ের ৫,১২১ কোটি টাকা থেকে কমিশন ব্যয় ১৪৫৬ কোটি, ট্যাক্স ও ভ্যাট পরিশোধ খাতে ৪১০ কোটি, পণ্য ক্রয়ে ৪২৫ কোটি, লভ্যাংশ ও সুদ পরিশোধে ২৬৪ কোটি, ২০০ অফিসের প্রশাসনিক ব্যয় ৪৩৭ কোটি, বৃক্ষরোপণে বিনিয়োগ ২২৩ কোটি, সম্পদ ক্রয় ও বিনিয়োগ খাতে ১৮৯০ কোটিসহ মোট ব্যয় হয়েছে ৫১০৫ কোটি টাকা। ডেসটিনি গ্রুপের এই তিনটি কম্পানির মোট জমির পরিমাণ ৯৬৮ একর, ঢাকা শহরে অ্যাপার্টমেন্ট রয়েছে ৭৪,০৫৮ বর্গফুট। এ ছাড়া বাণিজ্যিক অ্যাপার্টমেন্ট রয়েছে ২৪,৫৪৭ বর্গফুট। ওই প্রতিবেদন অনুযায়ী, ডেসটিনি গ্রুপের মোট সম্পদের বর্তমান মূল্য ৯,৬৬৫ কোটি টাকা। -সূত্রঃ কালের কন্ঠ অনলাইন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান