সেবা ডেস্ক: পায়ের শিকল ছেড়ে পালিয়ে যাওয়ায় রোববার আবারও ট্র্যাঙ্কুলাইজারগানের মাধ্যমে অচেতনকরা হয়েছে ভারত থেকে আসা হাতি বঙ্গ বাহাদুরকে।রোববার দুপুর সোয়া ১২টার দিকে দুই ঘন্টায় চারবার চেষ্টার পর হাতিটিকে অচেতন করতে সক্ষম হয়েছে হাতি উদ্ধারকারী দল। তার পায়ে আবারও শিকল পরানোর চেষ্টা চলছে।
জামালপুরের সরিষাবাড়ির কয়রা গ্রাম থেকে সকাল ৯টার দিকে হাতিটি গাছের সাথে বেঁধে রাখা লোহার শিকল ছিঁড়ে পার্শ্ববর্তী মাঠে দৌড়ানো শুরু করে।
প্রায় আধা কিলোমিটার দুরে একটি উঁচু জায়গায় শেষপর্যন্ত ট্রাঙ্কুলাইজার ডার্ট নিক্ষেপ করে হাতিটিকে অচেতন করে বনকর্মীরা।
বন বিভাগের কর্মকর্তা অসীম মল্লিক এ বিষয়ে বলেন, ‘এবার হাতিটির পায়ে বড় শিকল পড়ানো হচ্ছে। প্রায় ২০০-৩০০ ফিট লম্বা শিকল পড়ানো হবে’।
উঁচু যে জায়গায় হাতিটিকে অচেতন করা হয়েছে সেখানে বড় কোন গাছ না থাকায় বাইরে থেকে গাছের গুড়ি এনে তার সাথে শিকল বাঁধা হবে বলে জানান তিনি।
লম্বা শিকল থাকলে হাতিটির নড়াচড়া করতে সুবিধা হবে বলে আশা করছেন বন কর্মকর্তারা।
ভারতের আসাম থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে, একমাসের বেশি সময় ধরে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো হাতিটিকে উদ্ধার করতে গিয়ে এর আগে একাধিকবার নাস্তানাবুদ হয়েছেন বন কর্মকর্তারা।
যমুনা নদী দিয়ে ভেসে আসার পর জুলাই মাস থেকে হাতিটি বাংলাদেশের বেশ কয়েকটি জেলার চরাঞ্চলে ঘুরে বেড়ায়।
বেশ কিছুদিন চেষ্টার পর জামালপুরের সরিষাবাড়িতে গত ১১ই অগাস্ট হাতিটিকে ট্রাঙ্কুলাইজ করতে সমর্থ হয় বনকর্মীরা। একপর্যায়ে হাতিটি পুকুরে পড়ে গেলে এলাকাবাসীর সহায়তায় সেটিকে টেনে তোলা হয়।
এরপর থেকে হাতিটি সেখানেই বাঁধা ছিল।
বন বিভাগ বলছে, দু-একদিনের মধ্যে হাতিটিকে তারা গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।
প্রসঙ্গত, এক মাসেরও বেশি সময় আগে হাতিটি ভারত থেকে নদীতে ভেসে ভেসে বাংলাদেশে প্রবেশ করে। গত ২৮ জুন বন্য হাতিটি ব্রহ্মপুত্র নদ বেয়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে প্রবেশ করে। এরপর বগুড়ার সারিয়াকান্দি হয়ে যমুনা নদীর পানিতে ভেসে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের দুর্গম ছিন্নার চরে ১১দিন অবস্থান করে। ২৭ জুলাই হাতিটি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আসে। তখন থেকে হাতিটিকে উদ্ধারের চেষ্টা চলছিল।
এতদিন হাতিটি উদ্ধার না হওয়ার জন্য উদ্ধারকারী দলের সদস্যরা পুরোনো যন্ত্রপাতি ও মান্ধাতার আমলের প্রযুক্তিকে দায়ী করেন।