সেবা ডেস্ক: সিলেটের জালালাবাদ সেনাবাহিনীর সদর দফতরে ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ নবগঠিত ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পতাকা উত্তোলন শেষে সেনাবাহিনীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, 'দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা যেকোনো হুমকি মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে হবে।'
এ সময় তিনি ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও সর্বোপরি শৃঙ্খলা বজায় রেখে কর্তব্য সম্পাদনে একনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান।
পতাকা উত্তোলনের সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাংলাদেশ সেনা বাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মো. শফিউল হক এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার বেলা ১১টা ০৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে হযরত শাহজালাল (রহ) মাজারে জিয়ারত করতে যান তিনি। সেখানে জিয়ারত শেষে তিনি হযরত শাহ পরান (রহ) দরবার শরীফে যান। এরপর প্রধানমন্ত্রী জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের অধীনে গঠিত ১১ পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেন।
সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, ফারুক খান, দীপু মণি ও মাহবুব-উল-আলম হানিফ রয়েছেন।
