সেবা ডেস্ক: বিশাখাপত্তম টেস্টের মাত্র দুই দিন পেরুলো। তাতেই ইংল্যান্ডকে চাপে ফেলে ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতে। এখানে যে রাজকোটের মতো ড্র'র ঘটনা ঘটার সম্ভাবনা কম তা বোঝাই যাচ্ছে। প্রথম ইনিংসে ৪৫৫ রান ভারতের। ব্যাট হাতে বিরাট কোহলিদের রাজত্বের পর রবিচন্দ্রন অশ্বিনের নেতৃত্বে বোলাররাও জ্বলে উঠেছেন। স্পিনারই মূল চাপটা দিয়েছেন। ৫ উইকেটে ১০৩ রান নিয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড। বেন স্টোকস ও জনি বেয়ারস্টো সমান ১২ রানে অপরাজিত।
তৃতীয় দিনের সকালটা ইংলিশদের জন্য আরো কঠিন হওয়ার কথা। দুই অফ স্পিনার ঝামেলায় রেখেছেন প্রতিপক্ষকে। এখানে সময় বাড়ার সাথে স্পিনাররা বেশি সুবিধা পেতে শুরু করেছেন। এর মধ্যে অশ্বিন ২ এবং অভিষিক্ত অফি জয়ন্ত যাদব ১ উইকেট নিয়েছেন। ৮০ রানে ৫ উইকেট হারানোর পর শেষ বিকেলে দারুণ লড়াই করেই ইংলিশ ব্যাটসম্যানরা বিশ্রামে গেছেন।
মোহাম্মদ শামি ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুককে (২) শস্তায় বিদায় করেছেন। টিনএজার হাসিব হামিদের কপাল খারাপ। ২১ ওভার খেলে রান আউট। তার খাতায় ১৩ রান। জো রুট রুখে দাঁড়িয়েছিলেন। ৫৩ রান করলেন। কিন্তু বেন ডাকেটের (৫) পর তাকেও শিকার করেছেন অশ্বিন। জয়ন্তের ক্যারিয়ারের প্রথম শিকার মঈন আলি (১)। রবিন্দ্র জাদেজা উইকেট না পেলেও ইংলিশদের বেধে রেখেছিলেন।
এর আগে দিনটা ৪ উইকেটে ৩১৭ রানে শুরু করে ভারত। ১৫১ রান তখন অধিনায়ক বিরাট কোহলির। এবার ডাবল সেঞ্চুরি হলো না। ১৬৭ রানে আউট কোহলি। এরপর অপ স্পিনার মঈন ৩ বলের মধ্যে ২ উইকেট নিলেন। ৭ উইকেটে ৩৬৩ রান নিয়ে ৪০০ হয় কি না সন্দেহে ভারত।
কিন্তু তাদের সেরা বোলার অশ্বিন তো অন্যতম সেরা ব্যাটসম্যানও বটে! ইংল্যান্ডের বিপক্ষে ৩ ইনিংসে তাই দ্বিতীয় ফিফটি অশ্বিনের। জয়ন্ত ৩৫ রান করে দারুণ সঙ্গ দিলেন। তার কাছ থেকে এটাই চাওয়া হয়েছিল। তাতে অষ্টম উইকেটে অশ্বিন-জয়ন্তের ৬৪ রানের জুটি। কোহলির সাথে তার আগে ৩৫ রান জুড়েছেন অশ্বিন। শেষ পর্যন্ত ৫৮ রান করে প্রতিরোধ ভাঙে অশ্বিনের। এটি তার অষ্টম ফিফটি। মঈন ও জেমস অ্যান্ডারসন ৩টি করে উইকেট নিয়েছেন। ২ উইকেট আদিল রশিদের।
