সেবা ডেস্ক: সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সঙ্কট দূর করতে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী উদ্বোধনী অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি।
এ সময় রাঙামাটি মহিলা কলেজের একজন শিক্ষার্থী বাংলা, ইংরেজি ও কম্পিউটার বিষয়ক শিক্ষক সঙ্কট থাকায় পরীক্ষায় ভালো ফলাফল হচ্ছে না বলে প্রধানমন্ত্রীকে জানান। পাশাপাশি পাহাড়ি এলাকায় যাতায়াতের জন্য দুটি বাস দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানায় ওই শিক্ষার্থী।
পরে প্রধানমন্ত্রী বলেন, এখানে মাননীয় শিক্ষামন্ত্রী আছেন। আমি এখনই নির্দেশ দিচ্ছি সারা বাংলাদেশের কোথায় কোথায় শিক্ষক স্বল্পতা রয়েছে তা খুঁজে বের করে শিক্ষক নিয়োগ দিন। আর যার যেখানে কর্মস্থল সেখানেই যেন থাকে। ট্রান্সফার হয়ে চলে না যায় সে বিষয়ে খেয়াল রাখার কথাও বলেন প্রধানমন্ত্রী। রাঙামাটি তো বটেই সমগ্র বাংলাদেশে মাল্টি-মিডিয়া শ্রেণিকক্ষের বিষয়টি উনি দেখবেন।
অভিভাবকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ছেলেমেয়ের সঙ্গে মন খুলে কথা বলুন। তারা কোথায় কী করে খেয়াল রাখবেন।’ সবার জন্য উচ্চশিক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেন, স্বাধীনতার ৪৫ বছরেও স্বাক্ষরতার হার শতভাগ না হওয়া লজ্জাজনক।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়। আমি খুব খুশি হতাম যদি অনুষ্ঠানে আসতে পারতাম। আফসোস লাগছে কেন আসলাম না। আশাকরি, ভবিষ্যতে আসবো।
দুদিনব্যাপী সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের প্রথম দিন শুক্রবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম শহরের চবি চারুকলা ইনস্টিটিউট থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভযাত্রা। সন্ধ্যায় ছিল দেশ-বিদেশ থেকে আসা চবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন জনপ্রিয় শিল্পী রুনা লায়লা।