সেবা ডেস্ক: তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জনদের নিয়মিত উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এবং কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সোমবার সচিবালয়ে নিজ অফিস কক্ষ থেকে ভিডিও কনফারেন্স যোগে কয়েকটি বিভাগের স্বাস্থ্য পরিচালক ও জেলার সিভিল সার্জনের সাথে মত বিনিময়কালে এ নির্দেশ দেন তিনি।
তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য সেবা সম্পর্কে আকস্মিক খোঁজ খবর নেয়ার পদক্ষেপ হিসাবে তিনি এই ভিডিও কনফারেন্সের উদ্যোগ নেন। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসক ও নার্সসহ চিকিৎসা সেবায় নিয়োজিত সকল স্তরের জনবলের উপস্থিতি নিশ্চিত করার জন্য তদারকি ব্যবস্থা জোরদার করতে হবে।
মন্ত্রী গ্রামের দরিদ্র মানুষ যেন সহজে ও বিনামূল্যে চিকিৎসা পায় সেদিকে লক্ষ্য রেখে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাসপাতালের যন্ত্রপাতি সচল রাখতে সংশ্লিষ্টদের সব সময় সতর্ক থাকার তাগিদ দেন।
এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব মোঃ সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাসস
