সেবা ডেস্ক: বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চেয়ে বিএনপির পক্ষ থেকে করা কোনো আবেদনপত্র এখনো পাননি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
শনিবার সকালে রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) মিলনায়তনে পুলিশের বিশেষ ইউনিট স্পেশাল উইপন এন্ড ট্রাকটিস (সোয়াট) এর প্রশিক্ষণ সমাপনী দিনে প্রশিক্ষণ প্রাপ্ত সদস্যদের সনদ বিতরনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, বিএনপি প্রথমে ৭ নভেম্বর ও পরে ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করেছিল। কিন্তু কয়েকটি দল সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে বলে নিরাপত্তার কারণে অনুমতি দেয়া হয়নি।
গত শুক্রবার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ৮ নভেম্বর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সমাবেশ করার অনুমতি চেয়ে ডিএমপি’র কাছে আবেদন করা হয়েছে।
সোয়াট সদস্যদের সনদ বিতরণ শেষে এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চেয়ে বিএনপির কাছ থেকে এখনও কোনো লিখিত আবেদন পাইনি। আবেদন পেলে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত দেয়া হবে। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের বিষয়ে তিনি বলেন, বিএনপিসহ বেশ কয়টি দল সেখানে একই দিন (৭ নভেম্বর) সমাবেশ করার আবেদন করেছে। সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে কাউকে অনুমতি দেয়া হয়নি।