সেবা ডেস্ক: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) স্কুল অব সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর অধীনে একটি নতুন স্নাতক প্রোগ্রাম শুরু হয়েছে। শনিবার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) প্রোগ্রামটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
এ বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক এস এম মাহবুবুর রহমান ও ডিন হিসাবে রয়েছেন ইউল্যাবের উপ উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক। অধ্যাপক এস এম মাহবুবুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ও এমএসসি করেছেন। কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি সম্পন্ন করেছেন।
তিনি কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে ইসিই বিভাগের এনএসইআরসি পোস্ট ডক্টোরাল ফেলো ছিলেন।
ইউল্যাব এর উপ- উপাচার্য ও ইইই বিভাগের ডীন অধ্যাপক এইচ এম জহিরুল হক ন্যাশনাল ইউনিভার্সিটি অব খারকিভ ইউক্রেন থেকে এমএসসি এবং পিএইচডি করেছেন।
এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রবিউল আলম ও মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিস সোনিয়া কবির সম্মানিত অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইউল্যাবের সকল শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইইই বিভাগের উদ্বোধনী ভিডিও দেখানো হয় ও প্রথম ব্যাচের ইইই শিক্ষার্থীদের মধ্যে স্মার্ট ট্যাব বিতরণ করা হয়। ইউল্যাব এর উপাচার্য প্রফেসর ইমরান রহমানের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।