মুনজুরুল ইসলাম, সরিষাবাড়ী প্রতিনিধি: সরিষাবাড়ী সহ পুরো জেলার প্রতিটি উপজেলার সকল সিএনজি ড্রাইভারেরা সিএনজি থেকে চাঁদাবাজি বন্ধে গত সোমবার থেকে অনির্দিষ্ট ধর্মঘটের ডাক দিয়েছে।
এতে সোমবার জেলার সাথে উপজেলার সিএনজি যোগাযোগ না থাকায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। সকালে সরিষাবাড়ী শিমলা বাস ষ্টেশন এলাকায় প্রায় অর্ধশত সিএনজি ড্রাইভার জেলার চাদাঁবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
এতে সিএনজি মালিক ও শ্রমিক সমিতির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা বলেন, একজন সিএনজি ড্রাইভার সারাদিন গাড়ী চালিয়ে মালিকের জমার টাকা বুঝিয়ে দিয়ে সংসারের খরচের জন্য ২০০/- টাকাও বাড়ী নিয়ে যেতে পারেনা। আর জেলার চাদাবাজরা ঘরে বসেই অনেকেই কোটিপতি।
তারা আরো জানান, কয়েক বছর আগে যখন দৈনিক অনেক কামাই (আয়) থাকত তখন জেলায় চাঁদা দিতে হতো ১০ থেকে ২০ টাকা। আর এখন দিন দিন গাড়ী বাড়ার কারনে আয় রোজগার কমে গেলেও চাঁদা দিতে হচ্ছে বেশী। যদি একজন সিএনজি ড্রাইভারকে শুধু জেলাতেই ৭০/৮০ টাকা চাঁদা দিতে তাহলে তাদের দিন চলে কিভাবে। এরপর তো উপজেলা লেভেল ও আঞ্চলিক কার্যালয় আছেই। সিএনজি শ্রমিক সমিতির নেতারা জেলার সকল চাঁদাবাজ গ্রুপকে একত্রিত হয়ে সকল গ্রুপ মিলে ২০ থেকে ৩০ টাকা চাঁদা নেবার আহবান জানান। যদি জেলার সকল চাদাবাজরা একত্রিত হয়ে চাঁদার হার না কমান তবে সিএনজি পরিবহন বন্ধ করা হবে চিরতরে।
সরিষাবাড়ী বাসী বিষয়টি অতি গুরুত্বের সহিত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
