সেবা ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, 'শিক্ষা সমাজের আত্মা এবং বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে জ্ঞানদানের কেন্দ্রবিন্দু যা সমাজ বদলের সর্বাপেক্ষা শক্তিশালী হাতিয়ার।'
তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়সমূহ জ্ঞান ও ন্যায় ভিত্তিক সমাজ তথা দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে।'
স্পিকার বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন। প্রতিষ্ঠার অর্ধশত বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, 'জ্ঞান বিতরণ এবং প্রাজ্ঞ ও প্রতিভাবান ব্যক্তিত্বের জন্ম দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ব সম্প্রদায়ের অংশে পরিণত হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে-বিদেশে কাজ করছে।'
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি'র ভিসি অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সুবর্ণজয়ন্তী বক্তৃতা করেন ইমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।
অনুষ্ঠানের আগে সকালে সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান প্রায় ৩৫ হাজার ছাত্র-ছাত্রী বর্ণাঢ্য বেলুন, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে যোগ দেন। -বাসস।