সেবা ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক বলেছেন, শহর এবং গ্রামের মধ্যে পার্থক্য কমিয়ে সাধারণ মানুষের মধ্যে যেন প্রযুক্তির বৈষম্য না থাকে সেজন্য সরকার ইউনিয়ন ডিজিটাল ল্যাব স্থাপন করেছে।
রবিবার বিকালে নোয়াখালীর হাতিয়া উপজেলার দ্বীপ সরকারি কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
জুনাইদ আহেমদ পলক বলেন, বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বিভিন্ন চরে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য ইন্টারনেট হাই স্পিড দেয়ার জন্য সারা দেশের সঙ্গে ব্রডব্যান্ড কানেকটিভিটি দেয়া যায় তা দেখার জন্য এসেছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ, উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ মাঈনউদ্দিন, পৌর মেয়র এ.কে.এম. ইউছুফ আলী প্রমুখ।
পরে উপজেলা পরিষদ হল রুমে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় হাতিয়ার তথ্য ও প্রযুক্তির উন্নতি কল্পে হাতিয়ায় বিদ্যুৎ অসুবিধা দূরীকরণে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে টেলিফোন কনফারেন্সের মাধ্যমে জনগণকে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর আশ্বাসের বাণী শোনানো হয়। এ সময় প্রতিমন্ত্রী হাতিয়ার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব চালু করার আশা ব্যক্ত করেন।