সেবা ডেস্ক: ক্যামেরা, ব্যাটারি লাইফ, স্ক্রিনসাইজ, র্যাম, অপারেটিং সিস্টেম, মেমোরি, প্রসেসর -এই ফিচারগুলো ভালো না হলে স্মার্টফোনের আসল মজাই পাওয়া যায় না। কিন্তু ভালো ক্যামেরা, ব্যাটারি লাইফ, স্ক্রিনসাইজ, র্যাম, মেমোরি বা প্রসেসরের স্মার্টফোন কিনতে খরচটাও পরে একটু বেশি। তবে কম খরচেও উন্নত কনফিগারেশনের স্মার্টফোন পাওয়া যায়। তেমনই এক স্মার্টফোন হলো 'জেনফোন ৩ ম্যাক্স'। সম্প্রতি ভারতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ডিভাইসটি উন্মোচন করেছে আসুস।
দুই স্ক্রিন সাইজ এবং সিলভার, গোল্ড ও গ্রে রঙের তিনটি মডেলে পাওয়া যাবে ফোনটি। ৫.২ ইঞ্চির ডিসপ্লের হ্যান্ডসেটটির মডেলের নাম জেডসি৫২০টিএল, দাম ১২,৯৯৯ রুপি। এটি ৭২০x১২৮০ পিক্সেল রেজ্যুলেশনের, ৩ জিবি র্যাম-এর সঙ্গে এতে থাকছে ১.২৫ গিগাহার্টজ কোয়াড কোর মিডিয়াটেক প্রসেসর। ডিভাইসটির রিয়ার ক্যামেরা ১৩ ও ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।
এতে আরও মিলবে ৩২ জিবি ইনবিল্ট মেমোরি, যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত। ফোর-জি এলটিই কানেক্টিভিটির এই হ্যান্ডসেটে মিলবে অ্যান্ড্রয়েড মার্শম্যালো আপডেট। এর ব্যাটারিও বেশ শক্তিশালী, ৪১০০ এমএএইচ-এর। জেনফোন ৩ ম্যাক্সের অপর মডেলের ব্যাটারিও ৪১০০ এমএএইচের, তবে সেটির ডিসপ্লে আরেকটু বড়, ৫.৫ ইঞ্চির। ডুয়াল সিম কার্ড স্লট ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এই দুটি মডেলেই। জেডসি৫৫৩কেএল নামের এই মডেলটির দাম প্রথমটির তুলনায় সামান্য বেশি, ১৭,৯৯৯ রুপি।
এই হ্যান্ডসেটটির র্যাম ৩ জিবি হলেও এর প্রসেসর আরও শক্তিশালী। ১.৪ গিগাহার্টজ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন। এর রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের, ফ্রন্ট ৮ মেগাপিক্সেলের। ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ মাইক্রোএসডি কার্ড দিয়ে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ১৭৫ গ্রাম ওজনের এই হ্যান্ডসেটটিও ফোর-জি কানেক্টিভিটি সমর্থিত। একটানা ১৭ ঘন্টা কথা বলা যাবে এই ফোনে, দাবি প্রস্তুতকারক কর্তৃপক্ষের।