এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরে ১৯টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের ৫৬ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের নবনির্বাচিত কর্মকর্তাদের পরিচিতি অনুষ্ঠান হয়েছে।
৪ নভেম্বর শুক্রবার রাতে শহরের চকবাজারস্থ শহীদ মিনার চত্বরে আয়োজিত ওই অনুষ্ঠানে সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নসহ তাদের মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য কাজ করে যাচ্ছে শ্রমিকের সন্তান যেন শ্রমিক না থেকে পড়াশোনার মাধ্যমে এগিয়ে যেতে পারে-এজন্যও সকলকে সচেষ্ট থাকতে হবে। তিনি শ্রমিকদের সন্তানদের স্কুল-কলেজে বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে বলেন, টাকা-পয়সার অভাবে কারও পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হলে তারও দায়-দায়িত্ব নেওয়া হবে।
তিনি নবগঠিত ওই সংগঠনের সফলতা কামনা এবং নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে সংগঠনের কল্যাণ তহবিল গঠনের জন্য ২ লক্ষ টাকা ও অফিস নির্মাণের ব্যয় নির্বাহের ঘোষণা দেন।
জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ আরিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি ও সংগঠনের আইন উপদেষ্টা এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান ও সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
অন্যান্যের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামীম হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলাল হোসেন, সদস্য আবুল হাসেম ও অধ্যক্ষ গোলাম হাসান সুজন, পৌর কাউন্সিলর বাদশা মিয়া ও জেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ নুরানী মনি। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ।
অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রয়াত নেতা ও সদস্যদের শান্তি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে মেয়র লিটন অফিসের জন্য এক খন্ড জায়গা প্রদানসহ ১০ হাজার টাকা এবং অন্য ৪ জনও ১০ হাজার টাকা করে অনুদান প্রদানের ঘোষণা দেন।
দ্বিতীয় পর্বে মধ্যরাত পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
দ্বিতীয় পর্বে মধ্যরাত পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
