সেবা ডেস্ক: নয়াদিল্লীর রাষ্ট্রপতি ভবনের দরবার হলে গতকাল ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী বাংলাদেশের ১০০ যুব প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের সঙ্গে ভারতের রাষ্ট্রপতির সাক্ষাৎকালে সেখানে উপস্থিত ছিলেন, ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রী বিজয় গয়াল, যুব মন্ত্রণালয়ের সচিব ড. এ কে দুবে।
বাংলাদেশের যুব প্রতিনিধি দলের সঙ্গে আরও ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্শ বর্ধন শ্রিংলা। প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক প্রাদেশিক মন্ত্রী ড. বীরেন সিদকার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং যুব প্রতিনিধি দলের সভাপতি মুস্তাফিজুর রহমান প্রমুখ। এছাড়া যুব মহিলা ক্রিকেট দলের প্রতিনিধি, ক্রিকেট বোর্ডের সদস্য এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষবৃন্দ।
প্রতিনিধিদল তাদের ৮ দিনের সফরে ভারতের নানা সাংস্কৃতিক নিদর্শন, ব্যবসা কেন্দ্র এবং ঐতিহাসিক স্থান ভ্রমণসহ আইটি ইনস্টিটিউট পরিদর্শণ করবেন। তারা যাবেন আগ্রা, আহমেদাবাদ এবং কলকাতায়।
বাংলাদেশের যুব প্রতিনিধি দল ভারতের রাষ্ট্রপতির নিমন্ত্রণে এখন নয়াদিল্লীতে অবস্থান করছে। উল্লেখ্য, ২০১২ সাল থেকে প্রতি বছর বাংলাদেশ থেকে ৫০ জন পুরুষ ও ৫০ জন মহিলা সদস্য মিলে ১০০ সদস্য বিশিষ্ট যুব প্রতিনিধি দল ভারত সরকারের নিমন্ত্রণে ভারত ভ্রমণে যান। যার মধ্যে থাকে চিকিৎসক, শিল্পী, খেলোয়াড়, সাংবাদিক, প্রকৌশলী, মডেল, রেডিও জকি, মানবতাকর্মী, সমাজ কর্মী এবং বিজ্ঞানের শিক্ষার্থীসহ নানা অঙ্গনের যুবকেরা।
