সেবা ডেস্ক: বাগেরহাটের শরণখোলায় সৎ বাবার হাতে মায়া আক্তার (৯) নামে এক শিশু খুন হয়েছে। উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় গ্রামের ধান ক্ষেত থেকে বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ আলামীন হাওলাদার (৩০) নামের ওই পাষন্ড সৎ বাবাকে আটক করেছে। নিহত মায়া আক্তার উপজেলার রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
নিহত শিশুটির নানা দুলাল হাওলাদার জানান, মায়া আক্তার মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ বিকেলে সন্দেহজনকভাবে সৎ বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে মায়াকে চানাচুরের সঙ্গে কীটনাশক মিশিয়ে খাইয়ে হত্যা করে লাশ বাড়ির পাশের ধান ক্ষেতে ফেলে রাখে বলে স্বীকার করেছে। নিহত শিশুটির মায়ের নাম জোছনা আক্তার পুতুল। দেড় মাস আগে আলামীনের সাথে তার বিয়ে হয়।
শরণখোলা থানার ওসি মো. আব্দুল জলিল জানান, জিজ্ঞাসাবাদে আলামীন হত্যার কথা স্বীকার করেছে। তার স্বীকারোক্তিমতে ধান ক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
