সেবা ডেস্ক: সমুদ্র বন্দরের সক্ষমতা বাড়াতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) প্রথমবারের মত ১২শ' একর জমিতে বে টার্মিনাল নির্মাণ করতে যাচ্ছে।
আমদানি রপ্তানি কাজে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে বন্দরের ওপর ক্রমবর্ধমান চাপ সামলাতে সিপিএ এই বে টার্মিনাল নির্মাণ করছে।
এবিষয়ে সিপিএ-র নির্বাহী প্রকৌশলী রাফিউল আলম জানান, জার্মানির প্রতিষ্ঠান 'শেলহর্ন, এইচপিসি, কেএস, জেবি' আগস্ট থেকে ৭ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে সম্ভাব্যতা যাচায়ের কার্যক্রম শুরু করছে।
এর আগে সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী ১৩ টি প্রতিষ্ঠানের মধ্যে থেকে 'শেলহর্ন, এইচপিসি, কেএস, জেবি' এর সঙ্গে সিপিএ-র একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। প্রতিষ্ঠানটি আগামীবছর মে মাসের মধ্যে বে টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের চূড়ান্ত প্রতিবেদন জমা দিবে।
তিনি জানান, জার্মান প্রতিষ্ঠানটি ইতোমধ্যে নগরীর হালিশহর এলাকায় কিছু জায়গায় ১৪ মিটার গভীর প্রায় ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ একটি জায়গা চিহ্নিত করেছে। জায়গাটিতে বড় জাহাজ নোঙর করার জন্য পর্যাপ্ত নাব্যতা রয়েছে।
সম্ভাব্য স্থানটি মূল বন্দরের সামান্য বাইরে পতেঙ্গা সি বিচ রিসোর্টের কাছে এবং চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন (সিইপিজেড) এর পশ্চিমে বন্দর নির্মাণের নতুন স্থানটি হালিশহর এলাকার দক্ষিণ দিকে আনন্দ বাজার এলাকার ৬ দশমিক ১৫ কিলোমিটার এলাকা জুড়ে। -বাসস।