সেবা ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্র রোধ করতে পারবে না।
সোমবার রাজধানীতে এক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তর ও দৈনিক প্রথম আলো যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে। মোহাম্মদ নাসিম বলেন, বিভিন্ন চক্রান্ত করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে না পেরে যারা আজ জঙ্গিদের অশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তারা নিজেরাই আবারো ব্যর্থ হবে। অবুঝ শিশুদেরকেও এরা জঙ্গিবাদের ঢাল হিসাবে ব্যবহার করছে যা কোনো সুস্থ লোক ভাবতেই পারে না। এ ধরনের অসুস্থ কৌশল কোনোভাবেই সফল হতে পারে না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষ যেন সঠিক সেবা পায় এ লক্ষ্যে হাসপাতাল, ক্লিনিকগুলোকে যথাযথ মানে উন্নীত করার পাশাপাশি মেডিক্যাল শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। মানহীন ক্লিনিক বন্ধ করা হচ্ছে, নিম্নমানের মেডিক্যাল কলেজের কার্যক্রমেও নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।