সেবা ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হয়ে গেছে আগেই। তিনবছর পর শিরোপা পুনরুদ্ধার করেছে আবাহনী লিমিটেড।
এখন চলছে রেলিগেশন এড়ানোর লড়াই। লিগের ২১তম রাউন্ডে টিম বিজেএমসির বিপক্ষে ২-১ গোলে হেরে অবনমনের আরও কাছে চলে এলো ফেনী সকার ক্লাব। কেননা, নিজেদের ২১তম ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে দলটি টেবিলের একেবারে তলানিতে পড়ে আছে।
ফেনীর চেয়ে দুই পয়েন্ট এগিয়ে থেকে ১১ নম্বরে উত্তর বারিধারা। লিগে দলটির বাকি আছে আর একটি মাত্র ম্যাচ। শেষ রাউন্ডের খেলায় ফেনী যদি মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে জয় পায় আর উত্তর বারিধারা যদি মোহামেডানের বিপক্ষে হেরে যায় তাহলেই কেবল অবনমন এড়াতে পারবে সকারুরা।
অবনমনের শিকার বাদ পড়া দলকে আগামী মৌসুমে খেলতে হবে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে। আর এই ইভেন্টের শীর্ষ টিম উঠে আসবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে।
মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে ছিল সকার ক্লাব ফেনী। ১৩ মিনিটে শাহরানের গোল তাদের ১-০ তে লিড এনে দেয়।
কিন্তু, ম্যাচের শেষ পর্যন্ত তারা এই লিড ধরে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে স্যামসন ইলিয়াসু বিজেএমসিকে ১-১ সমতায় ফেরান। আর ৮৮ মিনিটে নাইজেরিয়ান বেবেক ফেনীর জালে বল জড়ালে নির্ধারিত সময় শেষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টিম বিজেএমসি।