সেবা ডেস্ক: নতুন বছর সব সময়ই নিয়ে আসে নতুন আশার বার্তা, নতুন কোনো আনন্দধ্বনি। পুরোনো সব ব্যর্থতা, হতাশা, না পাওয়ার গ্লানি মন থেকে ঝেড়ে মুছে ফেলে জীবনযাপনে নতুন প্রত্যাশার আলো জ্বালাতে সবাই যার যার মতো প্রস্তুতি নিচ্ছেন বছরের এই শেষ সময়ে। বছর শেষে নিজের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়েও মনে চলছে নানা জল্পনা-কল্পনা। হিসেবের খাতায় হয়তো উঁকি দিচ্ছে কিছু সাফল্য, কিছু ব্যর্থতা। জানেন তো, হোঁচট খাওয়ার জায়গাটিই মানুষ বেশি মনে রাখে। তাই বছর শেষে নিজের হোঁচট খাওয়ার জায়গাগুলোকে সংশোধন করে নতুন চিন্তা, নতুন পরিকল্পনা করাটা জরুরি। নতুন বছরে জীবনটাকে বৈচিত্র্যের ছোঁয়ায় আনন্দময়, উপভোগ্য ও তাত্পর্যময় করে তোলার লক্ষ্যে আপনাকে নিজের সামর্থ্য ও সুযোগকে বিবেচনায় আনতে হবে প্রথমে। এ ক্ষেত্রে বছরের শুরুতেই বছরের রুটিন বা লক্ষ্য নির্ধারণ করা অনেক গুরুত্বপূর্ণ।
প্রথমেই আপনাকে জীবনের একঘেয়েমি কাটানোর উপায়গুলো আবিষ্কারে মনোযোগী হতে হবে। যেমন—হয়তো দীর্ঘদিন ধরে একই বাসায় আছেন, আসছে বছরে ভাড়াও বেড়ে যেতে পারে। এক্ষেত্রে আপনাকে নিজের সামর্থ্য ও সুযোগকে বিবেচনায় নিয়ে বাসা বদল করতে পারেন। এমন জায়গায় আপনি নতুন বাসা ভাড়া নেবেন যেখান থেকে আপনার কর্মস্থলে যাওয়া-আসা সুবিধাজনক হবে, ছেলেমেয়ে-ভাই-বোনদের স্কুল-কলেজে আসা-যাওয়া আরও নির্বিঘ্ন হবে। সেখানকার পরিবেশও যেন আপনার রুচি ও পছন্দের সঙ্গে খাপ খায় সে দিকে নজর দিতে হবে বিশেষভাবে। এরকম বাসস্থান পরিবর্তন আপনাকে বৈচিত্র্যের মুখোমুখি দাঁড় করাবে বলে আশা করা যায়।
পরিবারের একটা বাজেট পরিকল্পনা থাকা দরকার। যেমন—ছেলেমেয়ের লেখাপড়ার জন্য, নতুন কোনো ইলেকট্রনিক সরঞ্জাম কেনার জন্য কিংবা ছুটিতে কক্সবাজার-সুন্দরবন বেড়াতে যাওয়ার জন্য আপনার একটা বাজেট পরিকল্পনা থাকা জরুরি। প্রায় অকারণ শপিং, ফ্যাশন, বাইরে খাওয়া বা অনর্থক উপহার দেওয়া-নেওয়া করে অনেক টাকা খরচ হয় বটে, কিন্তু নিজের স্বাস্থ্য রক্ষার ব্যাপারে বড়ই উদাসীন থাকি আমরা। স্বাস্থ্য খাতে সামান্য অর্থ খরচ করতেও সায় দেয় না মন। এটি ঠিক নয়। বছরে অন্তত একবার কি দুবার স্বাস্থ্য পরীক্ষা করা দরকার। খেয়াল রাখুন পরিবারের বয়স্ক সদস্যের দিকে। চিকিৎসকের পরামর্শ ঠিকঠাক মেনে চলুন। স্বাস্থ্য নিয়ে এজন্য প্রয়োজনীয় বাজেট নির্ধারণ করে সে লক্ষ্যে টাকা জমানোর চেষ্টা করুন বছরের প্রথম থেকেই।
নতুন বছরে অনেক সময় ছেলেমেয়েদের স্কুল পাল্টানোর পরিস্থিতি তৈরি হয়। এক্ষেত্রে খোঁজখবর নিয়ে ছেলেমেয়ের জন্য নতুন স্কুল ঠিক করতে হবে আগে। ওই স্কুলে কখন ভর্তি ফরম দেওয়া হবে, ভর্তি ফরম পূরণ করে কবে জমা দিতে হবে, ভর্তি পরীক্ষার ধরন কেমন হবে তা জেনে নিয়ে তারপর আপনাকে সে অনুযায়ী পরিকল্পনা নিয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। একই সঙ্গে ছেলেমেয়েদেরও নতুন স্কুলে মানিয়ে নিতে মানসিকভাবে সহযোগিতা করুন।