এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এবার শেরপুরে প্রায় ২ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। ‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এ শ্লোগানকে সামনে রেখে আগামী ১০ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ৭ ডিসেম্বর বুধবার জেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় ওই তথ্য জানানো হয়।
সিভিল সার্জন অফিসের উদ্যোগে অফিস কনফারেন্স রুমে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ আনোয়ার হোসেন। তিনি স্বাগত বক্তব্যে এবারের ক্যাম্পেইনে মনিটরিংসহ নানা বিষয়ে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের আহবান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মো. সেলিম মিয়া, শেরপুরের আঞ্চলিক কো-অর্ডিনেটর মাহবুবা রুমা, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাবেক সভাপতি এটিএম জাকির হোসেন ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা। সভায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনসহ মূল বক্তব্য উপস্থাপন করেন ডাঃ নিলাদ্রী হোড়।
এসময় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের মধ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন মলয় মোহন বল, তালাত মাহমুদ, রেজাউল করিম বকুল, আসাদুজ্জামান মোরাদ, মনিরুল ইসলাম মনির, রওশন কবীর আলমগীর প্রমুখ। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, জেলায় আগামী ১০ ডিসেম্বর শনিবার ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৭৭ হাজার ৮শ ২৯ জন শিশুকে লাল রঙের একটি ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং ৬-১১ মাস বয়সী ২০ হাজার ৫শ ৭০ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এ উপলক্ষে জেলায় ১ হাজার ৪শ ৫টি কেন্দ্রে ৪ হাজার ২শ ১২ জন স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন বাসস্ট্যান্ডে মোবাইল টিম থাকবে ২১ টি।
