সেবা ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, 'বেগম খালেদা জিয়া নির্বাচন কমিশন গঠনে আলোচনার নামে ধূম্রজাল তৈরি করতে চান। তিনি পরিস্থিতি ঘোলাটে করতেই এ ধরনের প্রস্তাব দিয়েছেন।'
কেন্দ্রীয় ১৪-দলের মুখপাত্র নাসিম বলেন, 'রাষ্ট্রপতি সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে ডাকবেন এবং তাদের সাথে আলোচনা করেই সার্চ কমিটি গঠন করবেন।'
নাসিম রবিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় ১৪-দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (একাংশের) সাধারণ সম্পাদক শিরিন আক্তার, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী, কমিউনিস্ট কেন্দ্রের সভাপতি ড. ওয়াজেদুল ইসলাম খান, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (একাংশের) সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপসহ কেন্দ্রীয় ১৪-দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপি সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্যই নির্বাচন কমিশন গঠনে এ ধরনের প্রস্তাব দিয়েছে বলে উল্লেখ করে নাসিম বলেন, 'এর কারণ নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য কাদের নিয়োগ দেয়া হবে সে বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।'
