সেবা ডেস্ক: সাতক্ষীরার চাঞ্চল্যকর গৌতম হত্যা মামলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তার বাবা ইউপি সদস্য গনেশ চন্দ্র সরকার।
বৃহস্পতিবার সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি ছেলে হত্যার বিচার দাবি করে বলেন, ‘এখন পর্যন্ত বাকি আসামিদের গ্রেফতার করা হয়নি। এ ঘটনার পর থেকে আমি আতঙ্কে দিন কাটাচ্ছি।’
তিনি বলেন, ‘তার এলাকা সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের মহাদেবনগর গ্রামে কয়েক যুবক চাঁদাবাজি করতো। তিনি এর প্রতিবাদ করে থানায় অভিযোগ করলে চাঁদাবাজদের একজনকে পুলিশ ধরে নিয়ে যায়। দুইদিন পর থানা থেকে ছেড়ে দেয়া হলে তাকে মোবাইল ফোনে হুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে ওই চাঁদাবাজ। ওই রাতেই তার ছেলে গৌতম অপহৃত হয়। পরে তাকে বাড়ির কাছে একটি পুকুর পাড়ে নৃশংসভাবে হত্যা করা হয়।’
সংবাদ সম্মেলনে পুলিশ কর্তৃক মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগ এনেছেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান ও তার পরিষদের সাধারণ ও মহিলাসহ ১২ জন সদস্য উপস্থিত ছিলেন।