মঞ্জুরুল হক ॥টঙ্গীতে প্রতি বছর জানুয়ারী মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। যেখানে দেশ বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এই ইজতেমায় অংশগ্রহণ করে। বিশ্ব ইজতেমার পরিসর দিন দিন বৃদ্ধি লাভ করায় কর্তৃপক্ষ বাংলাদেশের জেলা সমূহকে দুই ভাগে ভাগ করেছেন এবং এক বছর পর পর জেলা সমূহ টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ গ্রহণ করবে। এ বছর জামালপুর জেলা ইজতেমা শহরের পাথালিয়া পশ্চিম পাড়ায় আগামী ২২,২৩,২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্থানীয় আয়োজক কমিটির আমির ইঞ্জিনিয়ার মোঃ আব্দুর রাজ্জাক ও আশরাফ হোসেন শাহ্ এর সাথে কথা বলে জানা যায়, ইতিমধ্যে উত্তর-দক্ষিণে ১০৮২ফুট ও পূর্ব-পশ্চিম ৫২২ ফুট মূল প্যান্ডেল তৈরী করা হয়েছে। নিরাপত্তা চৌকিসহ ওযুখানা, বিদ্যুৎ ও পানীর ব্যবস্থা করা হয়েছে। আগামী বুধবার রাত থেকে এই ইজতেমার কার্যক্রম বয়ানের মাধ্যমে শুরু হবে এবং ২৪ তারিখে আখেরি দোয়ার মাধ্যমে শেষ হবে। ইজতেমায় ঢাকার কাকরাইল মসজিদ থেকে আগত আমির ও উলামাবৃন্দ বয়ান পেশ করবেন। জামালপুর জেলাসহ বিভাগীয় ময়মনসিংহ অঞ্চলের লাখো মুসল্লি এই ইসতেমায় অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। এ দেশের লাখো মুসলমান ইজতেমায় অংশগ্রহণ করে ধর্মীয় জ্ঞান বৃদ্ধির পাশাপাশি আল্লাহ্ পাকের অশেষ নিয়ামত লাভ করবেন আমরা এই প্রত্যাশা রাখি।