এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়ায় করিম শাহ্ ও টিপু শাহ্র দরবার শরীফের তোরণের ভিত্তিপ্রস্তর সোমবার স্থাপন করা হয়েছে।এ উপলক্ষে দরবার শরীফে এক অনাড়ম্বর আলোচনা সভা দরবার শরীফের খলিফা নওশেদ আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ.কেএম রিয়াজুল হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, সুলতান গাজী শাহজাহান শাহ্ প্রিন্স, উৎপল কান্তি ধর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বৃটিশ ভারতে ইংরেজ ও জমিদার বিরোধী অনেক আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। নেত্রকোনা ও শেরপুর অঞ্চলে যে আন্দোলন সূচিত হয়েছিল তার রূপকার ছিলেন পাগল পন্থী করিম শাহ্ ও তাঁর সুযোগ্য পুত্র পাগল পন্থী টিপু শাহ্। ইতিহাসে এ আন্দোলন পাগল পন্থী আন্দোলন নামে পরিচিত। টিপু শাহ্ শেরপুর ও সুসং পরগণাকে দু’বছরেরও অধিককাল স্বাধীন করে রেখেছিলেন। তাঁর এ বীরত্বের জন্য তিনি ইতিহাসে চির অমর হয়ে আছেন। নতুন প্রজন্মের কাছে টিপু শাহ্র ইতিহাস সংরক্ষণ ও আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।