সেবা ডেস্ক: হাট কমিটির সভাপতি নির্বাচন নিয়ে প্রতিপক্ষের হামলায় ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ি হাটে এ ঘটনা ঘটে। আহতদের গুরুদাসপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন মো. শহিদ প্রাং (৬০) মোতালেব (৩২), ইয়াদ আলী (৪৫), আতাহার (৫০) ও আব্দুল আলিম (২৫)। আহতদের বাড়ি উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবাগাড়ি গ্রামে।
জানা গেছে, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক ও রবিউল করিম বাবুর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সম্প্রতি চেয়ারম্যান মোজাম্মেল হকের সমর্থক আব্দুল হান্নানকে সাবগাড়ি হাটের সভাপতি পদ থেকে অব্যহতি দেয়া হয়। এ ঘটনায় আব্দুল হান্নানের সঙ্গে বাবুর সমর্থক ইয়াদ আলীসহ বেশ কয়েকজনের বাগবিতণ্ডা হয়। পরে থানায় বিষয়টি আপোস মিমাংসা হয়। শুক্রবার সকালে দূর্গাপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ওমর আলীর নেতৃত্বে সাবগাড়ি হাটের একটি এডহক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে হান্নানকে না রাখায় ক্ষিপ্ত হয়ে হান্নানসহ তার অনুসারী সানোয়ার, আব্দুস সালাম, ওসমান, আব্দুল মানান, ওয়াসকুরুনী, আব্দুর রশিদসহ ২০-২৫ জন বাবু গ্রুপের লোকজনের ওপর হমলা চালায়। এতে বাবু গ্রুপের ছয়জন গুরুত্বর আহত হন।
বিয়াঘাট ইউনিয়ন পরিষদ পরিষদের চেয়ারম্যান (ইউপি) মো. মোজাম্মেল হক বলেন, ‘হাট কমিটির সভাপতি নিয়ে এলাকার কিছু মানুষ দ্বন্দ্ব সৃষ্টি করছে। এলাকার কিছু দুষ্কৃতকারী এ ঘটনা ঘটিয়েছে। তারা আমার লোক নয়।’
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
