
টাঙ্গাইল প্রতিনিধি: সারাদেশে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী উৎসব। টাঙ্গাইল জেলা শহর থেকে শুরু করে গ্রাম পর্যায়ে সকল স্থানেই চলছে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। এসব আলোচনায় বাদ যায়নি কেউ। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এবং জাতীয় ঐক্যফ্রন্ট নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকীর প্রার্থীতা নিয়ে বেশি আলোচনা হচ্ছে বলে শুনা যায়।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এবং জাতীয় ঐক্যফ্রন্ট নেতা কাদের সিদ্দিকী বিএনপির ধানের শীষ প্রতিক নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের জোট থেকে লড়তে চাচ্ছেন, কিন্তু ঋন খেলাপী জটিলতায় তার প্রার্থীতা বাতিল হতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে সর্বত্র।
টাঙ্গাইলের সখীপুর ও বাসাইল উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৮ আসনে বিগত ১৯৯৬ সালে আওয়ামী লীগ এবং বিগত ২০০১ সালে কৃষক শ্রমিক জনতা লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন কাদের সিদ্দিকী।
বিগত ২০০৮ সালে নিজ দলের প্রতিক নিয়ে আওয়ামী লীগের প্রার্থীর সাথে নির্বাচন যুদ্ধে হেরে যান বঙ্গবীর কাদের সিদ্দিকী। বিগত ২০০৯ সালে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপ-নির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়নপত্র জমা দিলে ব্যাংক ঋন খেলাপীর অভিযোগে তার প্রার্থীতা বাতিল করে দেন নির্বাচন কমিশন। একই কারণে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনেও তার প্রার্থীতা বাতিল হয়ে যায়। পরে তিনি উচ্চ আদালতে গেলেও প্রার্থীতা ফিরে পাননি।
একাদশ সংসদ নির্বাচনেও একাধিক আসনে নির্বাচনের পরিকল্পনা আছে তাঁর। কিন্তু ব্যাংকের ঋণ সমস্যার কারণে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় আছে। যদিও তিনি আরও আগেই ঋণ পুনঃ তফসিল করেছেন। তারপরও ব্যাংক কর্তপক্ষ তাঁর নাম মন্দ ঋণের তালিকায় রেখেছে।
এদিকে ভোট ডাকাতি দিবস পালন উপলক্ষে শনিবার (১৭ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুরে তাঁর বাসভবনে আয়োজিত প্রতিবাদ সভায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আমি নির্বাচনই করতে চাই না। সারাদেশ ঘুরে শেখ হাসিনাকে দেখাতে চাই তিনি নৌকা নিয়ে কতদূর যেতে পারেন। তিনি একাই বঙ্গবন্ধুর কন্যা নন, আমিও বঙ্গবন্ধুর রাজনৈতিক পুত্র। আমার গায়ে বঙ্গবন্ধুর রক্ত না থাকলেও বঙ্গবন্ধুর আদর্শ রয়েছে।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, ‘ধানের শীষ’ প্রতীক এখন আর আপনাদের না; ধানের শীষ এখন জাতীয় ঐক্যফ্রন্টের। আমরা যখন চলে যাবো সেদিন ধানের শীষ আপনাদের প্রতীক হবে। আগামী নির্বাচন অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়াকে মুক্ত করবার নির্বাচন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেন, অনেক কথা শুনেছি, শেষ পর্যন্ত রাজাকারের খেতাব পেয়েছি। তাই গত ছয় বছরে আমি শহীদ মিনার, স্মৃতিসৌধ ও গণভবনে যাইনি। কিন্তু ৭৫’র প্রতিরোধ যোদ্ধাদের মিলনমেলার বিষয়ে কথা বলতে গণভবনে যাওয়ার জন্য নয়বার ফোন করে ব্যর্থ হয়েছি। পরে চিঠিও লিখেছি কিন্তু জবাব পাইনি। আগামী (৩০ ডিসেম্বরের) পর ওনাকেই (শেখ হাসিনা) আমাকে চিঠি লিখতে হবে।
সভায় স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আতোয়ার রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মুহাম্মদ মনসুর, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবীবুর রহমান তালুকদার বীরপ্রতিক, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হালিম সরকার, মীর জুলফিকার শামীম প্রমুখ।
উল্লেখ্য, বিগত ১৯৯৯ সালের (১৫ নভেম্বর) টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপ-নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে প্রতিবছর কৃষক শ্রমিক জনতা লীগ ভোট ডাকাতি দিবস হিসেবে পালন করে আসছে।
⇘সংবাদদাতা: টাঙ্গাইল প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।