
সেবা ডেস্ক: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম কিনেছেন ঢালিউড সুন্দরী মৌসুমী।
গত ১৬ জানুয়ারী বুধবার বিকেল চারটায় রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ অফিস থেকে ফরম ক্রয় করেন মৌসুমী।
আওয়ামী লীগের অফিসে মৌসুমীর উপস্থিতিতে অফিসের সবার মধ্যে এক অন্যরকম উচ্ছ্বাস বয়ে যায়। এ সময়ে অফিসের ভিতরে এবং বাইরে মৌসুমীর সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে যায়। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে এবার এমপি হচ্ছেন মৌসুমী।
ধানমন্ডির আওয়ামী লীগ অফিস থেকে মনোনয়ন ফরম ক্রয়ের পর মৌসুমী বলেন, দুই যুগেরও বেশি সময় ধরে আমি আমার অভিনয় দিয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করছি। এখন জীবনের পরিণত সময়ে রাজনীতির মাধ্যমে দেশ এবং দেশের মানুষের সেবা করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এরইমধ্যে মন্ত্রিসভার ঘোষণা দিয়ে চমক সৃষ্টি করেছেন, আমার বিশ্বাস সংরক্ষিত নারী আসনের মনোনয়নেও মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে চমক দেখাবেন।
মনোনয়ন ফরম ক্রয় করার সময় সঙ্গে ছিলেন তার ছেলে ফারদিন, ইয়েস নিউজ এর প্রকাশক সাহেদুল ইসলাম সাহেদ ও চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার। এদিকে অনেকদিন ধরেই মুক্তির অপেক্ষায় রয়েছে মৌসুমী অভিনীত চলচ্চিত্র লিডার। এতে একজন প্রথম সারির নেত্রীর ভূমিকায় দেখা যাবে এ ঢালিউড সুন্দরীকে। লিডার পরিচালনা করেছেন দিলশাদুল হক শিমুল।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।