
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা হাট-বাজারের ১৪৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চলে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম। এ সময় অনেকের মধ্যে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী উপস্থিত ছিলেন। এ ছাড়া বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, এলাকার কিছু প্রভাবশালী লোকজন হাট-বাজারের সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা ও দোকান ঘর ভাড়া আদায় করছিলেন। এর আগে মাইকিং করে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দেয়া হলেও কর্ণপাত করেনি দখলকারীরা। অভিযানে একটি বুলডোজার দিয়ে রণবাঘা হাট-বাজারের ১৪৫টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম জানান, রণবাঘা হাট-বাজারে অবৈধভাবে গড়ে উঠা ১৪৫টি দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।