
সেবা ডেস্ক: এক হাজার টাকা মূল্যের ১৮টি জাল নোটসহ মোংলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর গেইট থেকে একজনকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে নয়টায় মোংলা থানার উপ-পরিদর্শক আবদুল আহাদ এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অমল কৃষ্ণ শীল নামে জাল টাকা চক্রের সক্রিয় ওই সদস্য কে আটক করে।
পুলিশ জানায়, অমল কৃষ্ণ শীল দীর্ঘদিন জাল টাকা তৈরি ও সরবরাহের সাথে জড়িত। এর আগে মোড়েলগঞ্জ উপজেলায় জাল টাকাসহ আটক হয় সে।
এ বিষয়ে তার বিরুদ্ধে একটি মামলা হয়। ওই মামলায় অমল কৃষ্ণ শীল জামিনে রয়েছে। ঈদকে সামনে রেখে একটি চক্র মোংলায় জাল টাকা ছড়িয়ে দিতে সক্রিয় রয়েছে। পুলিশ ওই চক্রের সদস্যদের আটক করতে অভিযান অব্যাহত রাখবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
আটক অমল কৃষ্ণ শীল মোড়েলগঞ্জ উপজেলার কালীকাবাড়ী এলাকার বাসিন্দা নির্মল শীলের পুত্র। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানায় পুলিশ।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।