
সেবা ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা দুটি মানহানি হামলার শুনানির তারিখ আগামী ১৭ জুন নির্ধারণ করেছেন আদালত। মামলা দুটিতে জামিন চেয়ে হাইকোর্টে করা বেগম খালেদা জিয়ার একটি আবেদনের শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান (এফ আর) খান।
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ঢাকা মহানগর হাকিম আদালত মামলা দুটি বিচারাধীন। এ মামলায় গত ২০ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই আদেশ এখনো কার্যকর হয়নি বলে জানা গেছে।
এ অবস্থায় ওই দুই মামলায় গতকাল খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টে জামিন আবেদন উপস্থাপন করা হয়। তবে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এক সপ্তাহ সময় চেয়ে আবেদন করে বলেন, ‘অ্যাটর্নি জেনারেল ব্যস্ত রয়েছেন।
তিনি এ মামলায় শুনানি করবেন। এ জন্য সময় দরকার। আদালত আগামী ১৭ জুন দুপুর ২টায় পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।