
সেবা ডেস্ক: ডেঙ্গু ভাইরাস নিয়ন্ত্রণ ও এডিস মশার আবাসস্থল ধ্বংসে রাজধানী ঢাকাসহ সারাদেশে ব্যাপক ভাবে ওষুধ ছিটানো ও অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালত মশা নিধনে মালয়েশিয়ার উদাহরণ টেনে বলেছেন, প্রয়োজনে স্কুল-কলেজ, অফিস-আদালত ১ থেকে ২ দিনের জন্য বন্ধ ঘোষণা করে সব শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও এডিস মশার আবাসস্থল ধ্বংসে একযোগে অভিযান পরিচালনা করা যেতে পারে।
বুধবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য ১৬ অক্টোবর নির্ধারণ করে দিয়েছেন আদালত।
আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে কোনো অবহেলা আছে কিনা, অবহেলা থাকলে সেটা কার দায়, মশা নিয়ন্ত্রণে কার কি দায়িত্ব ছিল তা তদন্তে কমিটি গঠন বিষয়ে আপাতত আদেশ দেননি।
তবে আদালত বলেছেন,পরবর্তীতে অবশ্যই তদন্ত কমিটি করা হবে।
আদালতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পক্ষে ছিলেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাঈনুল হাসান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।