
সেবা ডেস্ক: হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে একটি পুকুরে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
নিহতরা হলো- জেলার বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের বল্লবপুর গ্রামের সাইফুল মিয়ার ছেলে সালমান মিয়া (৬) ও তার চাচাতো ভাই তোফাজ্জুল মিয়ার ছেলে তায়েব মিয়া (৫)।
এলাকাবাসী জানায়, দুই শিশুকে সোমবার সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাদের আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খুঁজে না পাওয়ায় এলাকায় মাইকিং করা হয়। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে শিশুদের লাশ পানিতে ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন। পরে তাদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
স্থানীয় ইউপি মেম্বার খন্দকার মনিরুজ্জামান মনু জানান, বাড়িতে আশেপাশে চারদিকে পানি রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোমবার সন্ধ্যায় খেলতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, শিশুদের লাশ স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে বলে তাকে জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।