
রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় নিহত হয়েছেন নজরুল ইসলাম মিন্টু নামে এক ইউপি সদস্য। আহত হয়েছেন আরও দুইজন। আজ (২৭ আগস্ট) মঙ্গলবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া সাহেব আলী মোড় এলাকায় নাকুগাঁও স্থলবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম উপজেলার কাকরকান্দি ইউপি’র ৪নং ওয়ার্ড সদস্য ছিলেন।
জানা যায়, আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলাম মিন্টু ও তার দুই আত্মীয় আব্দুর রব আর জাহিদুল ইসলামকে নকলা থেকে মোটরসাইকেলে নালিতাবাড়ী ফিরছিলেন। এ সময় যোগানিয়া সাহেব আলী মোড় এলাকায় পৌছলে নালিতাবাড়ী থেকে নকলাগামী একটি বালু বোঝাই ট্রাক্টর সামন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন চালক ইউপি সদস্য নজরুল ইসলামসহ তিন আরোহী।
এসময় আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের দায়িত্বরত ডাক্তার ইউপি সদস্য নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুর রব ও জাহিদুলকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ট্রাক্টরটি আটক করেছে। তবে পালিয়েছে চালক। এ ব্যাপারে রাতেই নালিতাবাড়ী থানায় একটি মামলা হয়েছে ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।