
রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত পোষ্টার ব্যানার, ফেস্টুন কর্তনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ৭ নেতা তাদের স্বাক্ষরিত একটি অভিযোগপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ ডিসেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলন উপলক্ষে ধুনট উপজেলার বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত পোষ্টার ব্যানার, ফেস্টুন লাগানো হয়। গত কয়েক দিন ধরে আওয়ামী লীগে অনুপ্রবেশকারীরা রাতের বেলায় এসব পোষ্টার, ব্যানার ও ফেস্টুনগুলো বিকৃত করার উদ্যেশে কর্তন করেছে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট অভিযোগ দায়ের করা হয়েছে। ওই অভিযোগ পত্রে উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, সহসভাপতি রেজাউল করিম তালুকদার, কুদরত-ই-খুদা জুয়েল, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম খান, সহ-দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক ও ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ সহ ৭ নেতা স্বাক্ষর করেছেন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, আওয়ামী লীগের নেতাদের অভিযোগটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বলা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, আওয়ামী লীগের নেতাদের অভিযোগটি পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।#
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।