
সেবা ডেস্ক: করোনা পরিস্থিতিতে রাজধানী ঢাকার বাইরে অবস্থান করা পোশাক শ্রমিকদের ঢাকায় আসার প্রয়োজন নেই, তাদের বেতন গ্রামে গ্রামে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
বুধবার বিজিএমইএ’র পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে সরকারি নির্দেশনা ক্রমে বিজিএমইএ’র পক্ষ থেকে পোশাক কারখানার আশেপাশে অবস্থানরত শ্রমিকদের নিয়ে কারখানা খোলার অনুমতি দেয়া হয়। এতে ঢাকার বাইরে থেকে কোনো পোশাক শ্রমিককে ঢাকায় না আসার জন্য বলা হয়।
এরপর দেখা যায় বেতন না পাওয়ার শঙ্কা নিয়ে অনেক শ্রমিক গ্রাম থেকে ঢাকায় আসতে শুরু করেন। এরপর বিজিএমইএ’র পক্ষ থেকে ঢাকার বাইরে থাকা শ্রমিকদের ঢাকায় না আসার অনুরোধ জানানো হয় এবং বলা হয় তাদের বেতন গ্রামেই পৌঁছে দেয়া হবে।
এদিকে গত শনিবার রাতে বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক কারখানা খোলার বিষয়টি অবহিত করে শ্রম মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে বলা হয়, বিশ্বব্যাপী বিভিন্ন দেশ ধীরে ধীরে অর্থনৈতিক কার্যক্রম চালু করেছে। এর পরিপ্রেক্ষিতে সংগঠনের সদস্যভুক্ত কারখানাগুলো পর্যায়ক্রমে খোলা হচ্ছে।
চিঠিতে স্বল্পপরিসরে কারখানা খোলার কথা উল্লেখ করে বলা হয়, শুরুতে রোববার ঢাকা ও নারায়ণগঞ্জের কিছু কারখানা, ২৮ থেকে ৩০ এপ্রিল আশুলিয়া, সাভার, ধামরাই ও মানিকগঞ্জের কারখানা, ৩০ এপ্রিল রূপগঞ্জ, নরসিংদী, কাঁচপুর এলাকা, ২ ও ৩ মে গাজীপুর ও ময়মনসিংহ এলাকার কারখানা চালু করা হবে। কারখানা খোলার ক্ষেত্রে শুরুতে উৎপাদন ক্ষমতার ৩০ শতাংশ চালু করা হবে। পর্যায়ক্রমে তা বাড়ানো হবে।
এর আগে সরকার গত ২৩ এপ্রিল সাধারণ ছুটি ৫ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয় এবং শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে সীমিত আকারে কারখানা পরিচালনা করার ক্ষেত্রে মালিকদের অনুমতি প্রদান করে।
