
সেবা ডেস্ক: এডিস মশা নিধনে কোনো ধরনের অনিয়ম হলে আমাকে সরাসরি ফোন করা যাবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল রোববার (৭ জুন ) সকালে রাজধানীতে ‘বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কার্যক্রম’ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এডিস নিধন কার্যক্রম প্রতিদিন সকাল ৯টা থেকে চার ঘণ্টা এবং বিকেলে আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। দক্ষিণের ৭৫টি ওয়ার্ডে একযোগে এ কর্মসূচি চলবে বলে জানান মেয়র তাপস।
প্রতিটি ওয়ার্ডে এ কাজে নিয়োজিত থাকবেন ২১ জন করে। এডিস নিধনে সিটি করপোরেশন পরিকল্পনা করেছে এ কথা জানিয়ে মেয়র তাপস বলেন, বছরব্যাপী ঢাকা দক্ষিণকে মশামুক্ত করার লক্ষ্যে কর্মপরিকল্পনা ঢেলে সাজানো হয়েছে।
তাপস আরও বলেন, এলাকাবাসীকে বলছি, যদি কোথায় এডিস মশা বা লার্ভার দ্বারা আপনারা ক্ষতিগ্রস্ত হন আমাদের যোগাযোগের ব্যবস্থা রয়েছে সেখানে যোগাযোগ করবেন। এখানে স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চলবে। তাকে সরাসরি জানাতে পারেন। তারপর কাউন্সিলরকে জানাতে পারেন। তারপরও যদি সেটার সুরাহা না হয় আমাকে সরাসরি জানাতে পারেন। আমি আপনাদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত আছি।
এদিকে উত্তর সিটি করপোরেশনে চলছে এডিস নিধন কর্মসূচি। স্থানীয় কাউন্সিলরা বাড়ি-বাড়ি গিয়ে এ কর্মসূচি তদারকি করছেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।