
সেবা ডেস্ক: টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউপির ধীতপুর গ্রামে গতকাল শুক্রবার দুপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার পড়ে আইসক্রিম বিক্রেতা নিহত হয়েছে।
নিহত লুৎফর রহমান টাঙ্গাইল পৌরসভার এনায়েতপুর এলাকার মো. সায়েদ মিয়ার ছেলে।
টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান মোকলেছুর রহমান বলেন, দুপুরের দিকে ওই গ্রামে একটি ট্রান্সফরমার পরিবর্তনের সময় লুৎফর রহমানকে আমাদের কাজে সহযোগিতার জন্য ডেকে আনা হয়। হঠাৎ একটি ট্রান্সফরমার তার ওপর পড়লে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লুৎফর রহমানের চাচাতো ভাই শহিদুল ইসলাম বলেন, লুৎফরের পরিবারে তিনি একাই রোজগার করতেন। তার ছয় বছরের এক মেয়ে ও ১০ বছরের একটি ছেলে আছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।