
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের এসিড নিক্ষেপে রিপা খাতুন (৩৫) নামে এক গৃহবধুর শরীর ঝলসে গেছে। রিপা খাতুন উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চিথুলিয়া গ্রামের আবু তাহেরের স্ত্রী।
বুধবার দুপুর ২টার দিকে নিজের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত রিপা খাতুনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রিপা খাতুনের স্বামী আবু তাহের বলেন, একই গ্রামের আমার ফুফাতো ভাই বাদশা মিয়ার সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ রয়েছে। এ ঘটনায় বগুড়া আদালতে মামলা বিচারাধীন রয়েছে। এ অবস্থায় বাদশা মিয়া ও তার লোকজন আমাকে বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করে আসছে। এছাড়া তিনি আমাকে বিভিন্ন সময়ে নানা ভাবে হুমকি দেন।
তারই ধারাবাহিকতায় বুধবার দুপুরের দিকে আমার স্ত্রী রিপা খাতুন বাড়ির ভেতর রান্না ঘরে লাকড়ি গোছানোর কাজ করছিলেন। এসময় বাদশা মিয়া ও তার লোকজন ঘরের বেড়ার ফাঁকা স্থান দিয়ে আমার স্ত্রীর শরীরে এসিড নিক্ষেপ করেন। এতে রিপা খাতুনের পিঠ পুড়ে ঝলসে গেছে। তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানা পুলিশের নিকট মৌখিক ভাবে অভিযোগ করা হয়েছে। তবে স্ত্রীকে চিকিৎসা দিয়ে থানায় মামলা দায়ের করা হবে।
এদিকে ঘটনার পর থেকে বাদশা মিয়া ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গাজী সালাহ উদ্দিন বলেন, এসিড দিয়ে গৃহবধু রিপা খাতুনের পিঠ ঝলসে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে এসিডদগ্ধ গৃহবধুর চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে তিন জন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।