
শিব্বির আহমদ রানা, বাঁশখালী সংবাদদাতা: বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পালেগ্রাম থেকে গরু চুরির দায়ে চুরাইকৃত গরুসহ চোরকে আটক করেছে থানা পুলিশ। গত রবিবার (৭ জুন) গভীর রাতে উপজেলার রামদাশ হাঁট তদন্ত কেন্দ্রের একদল পুলিশ গরুর মালিকের সহায়তায় জনৈক মেম্বারের বাড়ীর পাশে একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে ৩টি গরু উদ্ধার করে। এ সময় চোরাই গরু ক্রয়কারী ২ ব্যক্তিকে গ্রেপ্তার করে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. রেজাউল করিম মজুমদার সিটিজি সংবাদকে জানান, 'আজ সোমবার (৮জুন) দুপুর ২টায় উদ্ধারকৃত গরুগুলো আদালতের মাধ্যমে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং আটককৃত দুই আসামীদের জেল হাজতে প্রেরণ করা হচ্ছে।'
জানা যায়, বাহারছড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মধ্যম ইলশা গ্রামে ময়ন আলী চৌধুরী বাড়ীর গৃহকর্তা মাহবুব আলম চৌধুরীর পালিত প্রায় ২ লাখ টাকা মূল্যের ৩টি গরু গত শনিবার গভীর রাতে চুরি হয়। এ নিয়ে গৃহকর্তা রবিবার দিনভর উপজেলার বাহারছড়া, কালীপুর, বৈলছড়ি, সাধনপুর ইউনিয়নে পাড়ায় পাড়ায় মাইকিং করেন। গরুর মালিকের কাছে গোপনে রাতের ১১টার দিকে খবর আসে পালেগ্রামে ৩টি চোরাই গরু ১টি ঘরে তালাবদ্ধ অবস্থায় রয়েছে। পরে রামদাশ হাঁট তদন্ত কেন্দ্রের একদল পুলিশের সহায়তায় গরুর মালিক মাহবুবুল আলম চৌধুরী তার ৩টি গরু চিহ্নিত করেন। পুলিশ এ সময় ৩টি চোরাই গরুসহ কালীপুর ইউনিয়নের পালেগ্রামের আহমদুর রহমানের ছেলে শাহ মিয়া (৪৫) ও পুতন আলীর ছেলে মোহাম্মদ ইব্রাহিম (৪১) কে আটক করেন।
বাঁশখালী রামদাশ হাঁট তদন্ত কেন্দ্রের এস.আই খোরশেদ আলম বলেন, 'কালীপুর ইউপির পালেগ্রাম এলাকায় বাহারছড়া মধ্যম ইলশা গ্রাম থেকে চুরি হওয়া ৩টি গরু উদ্ধার করা হয়েছে এবং জড়িত থাকায় ২ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।'

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।