রৌমারীতে রাস্তা বন্ধ করে ২৫ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
কুড়িগ্রামের রৌমারীতে প্রভাবশালী এক নারীর বিরুদ্ধে চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে ২৫টি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। অভিযুক্ত হোসনে আরা রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স হিসেবে কর্মরত। গত এক সপ্তাহ ধরে রাস্তাটি বন্ধ থাকায় স্কুলগামী শিশু ও সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছেন।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রৌমারী সদর ইউনিয়নের রৌমারী গ্রাম পূর্বপাড়া এলাকায় প্রায় ২০ বছর ধরে ২৫টি পরিবার জমি কিনে বসবাস করে আসছে। জমি কেনার সময় বিক্রেতা জনসাধারণের চলাচলের জন্য একটি প্রশস্ত রাস্তা রেখেছিলেন। কিন্তু সম্প্রতি নার্স হোসনে আরা ওই রাস্তার পাশের জমিতে ৪ তলা ভবন নির্মাণ শুরু করলে পূর্বের রাস্তাটি সম্পূর্ণ বন্ধ করে দেন। এর ফলে ভুক্তভোগী পরিবারগুলো এখন সাইকেল নিয়ে ঢোকার পথও খুঁজে পাচ্ছে না।
মঙ্গলবার (১৭ মার্চ) সরেজমিনে দেখা যায়, অভিযুক্ত হোসনে আরা কয়েক বছর আগে সাবেক ব্যাংকার আতাউর রহমানের কাছ থেকে জমি ক্রয় করেন। স্থানীয়দের অভিযোগ, ২০১৩ সালে এক শালিসী বৈঠকের মাধ্যমে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে রাস্তাটি উন্মুক্ত রাখার শর্তে হোসনে আরার স্বামী নুরুন্নবীকে (সজীব) ৩৩ হাজার টাকা দেওয়া হয়েছিল। কিন্তু এখন ক্ষমতার দাপটে সেই শর্ত ভঙ্গ করে জোরপূর্বক রাস্তাটি দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে।
অবরুদ্ধ পরিবারের সদস্য ও প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম জানান, "দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে আমরা চলাচল করছি। হঠাৎ কোনো কারণ ছাড়াই রাস্তাটি বন্ধ করে দেওয়ায় আমরা বাড়ি থেকে বের হতে পারছি না। প্রশাসনের কাছে আমরা দ্রুত প্রতিকার চাই।" স্থানীয় ইউপি সদস্য রবিউল করিম বলেন, "রাস্তাটি বন্ধ করা অত্যন্ত অমানবিক। আমি হোসনে আরার সঙ্গে কয়েকবার আলোচনা করেও কোনো সমাধান করতে পারিনি। তিনি এলাকার মাতাব্বর বা কাউকে তোয়াক্কা করছেন না।"
রৌমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বিষয়টি তদন্ত করা হয়েছে এবং অভিযুক্ত নারীকে এলাকাবাসীর সঙ্গে বসে সুষ্ঠু সমাধানে আসতে বলা হয়েছে। রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে ভুক্তভোগী পরিবারগুলো প্রশাসনের হস্তক্ষেপের আশায় দিন গুনছেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।