বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয়-২০০২ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত
জামালপুরের বকশীগঞ্জের ঐতিহ্যবাহী এন এম উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ মার্চ বুধবার বকশীগঞ্জ পাখিমারা এলাকার বিপ্লব সওদাগরের বাগান বাড়িতে এই মিলনমেলা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
পবিত্র মাহে রমজানের শিক্ষা ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দিতে শত ব্যস্ততার মাঝেও প্রায় অর্ধশতাধিক প্রাক্তন বন্ধু এই আয়োজনে অংশগ্রহণ করেন। দীর্ঘদিনের পুরনো বন্ধুদের কাছে পেয়ে অনুষ্ঠানস্থল এক প্রাণবন্ত পরিবেশে পরিণত হয়। ইফতারের আগমুহূর্তে শৈশবের স্মৃতিচারণ আর কুশল বিনিময়ে মেতে ওঠেন ২০০২ ব্যাচের শিক্ষার্থীরা।
ইফতারের পূর্বে উপস্থিত সকলের পরিবার, সমাজ এবং দেশের সার্বিক মঙ্গল ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, বন্ধুদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা থেকে আগামীতেও এ ধরনের সেবামূলক ও ভ্রাতৃত্বপূর্ণ কার্যক্রম অব্যাহত থাকবে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।