বক্সীগঞ্জে পাম্পে শৃঙ্খলা রক্ষায় অভিযান: ১০ লিটার তেল নিতে গিয়ে গুনলেন ১০ হাজার টাকা
জামালপুরের বকশীগঞ্জে ফিলিং স্টেশনে সরকারি নিয়ম অমান্য করে অবৈধ পন্থায় জ্বালানি তেল সংগ্রহ করার দায়ে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম শাকিল হাসান (২৫)। তিনি পার্শ্ববর্তী শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া এলাকার জাহান আলীর ছেলে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে বকশীগঞ্জ পৌর শহরের পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে আকস্মিক অভিযান পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণ এবং পাম্পগুলোতে তেল বিক্রির শৃঙ্খলা নিশ্চিত করতে এই তদারকি অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন দেখা যায়, শাকিল হাসান নামের ওই যুবক নিয়ম বহির্ভূতভাবে ড্রাম বা গ্যালনের মাধ্যমে ১০ লিটার জ্বালানি তেল সংগ্রহ করছেন। বিষয়টি হাতেনাতে ধরা পড়লে ইউএনও মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা করার আদেশ দেন।
উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন জানান, বর্তমানে জ্বালানি তেলের সরবরাহ ও বিক্রিতে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে তেল মজুত বা নিয়মবহির্ভূত উপায়ে তেল সংগ্রহ করলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।