![]() |
| বকশীগঞ্জে বাড়িতে অবৈধভাবে পেট্রল মজুত ও বেশি দামে বিক্রি: নারীকে জরিমানা |
বকশীগঞ্জে বাড়িতে অবৈধ পেট্রল মজুত ও চড়া দামে বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
জামালপুরের বকশীগঞ্জে সরকারি নিয়ম অমান্য করে অবৈধভাবে পেট্রল মজুত ও চড়া মূল্যে বিক্রি করার অপরাধে রোজিনা আক্তার (৪০) নামে এক নারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ মে) বিকেলে বকশীগঞ্জ তিনানী পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত রোজিনা আক্তার ওই এলাকার আইয়ুব মন্ডলের স্ত্রী। বকশীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা গেছে, তিনানী পাড়া এলাকায় অবস্থিত পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের পাশেই নিজের বাড়িতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে বিপুল পরিমাণ পেট্রল মজুত করে রেখেছিলেন রোজিনা আক্তার। তিনি সেখান থেকে খুচরা গ্রাহকদের কাছে নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে পেট্রল বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা ওই বাড়িতে যৌথ অভিযান চালান।
অভিযানে অবৈধ মজুত ও বেশি দামে বিক্রির সত্যতা মেলায় ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইনে রোজিনা আক্তারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, লাইসেন্স ছাড়া বা নিয়ম বহির্ভূতভাবে দাহ্য পদার্থ মজুত করা ও কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে পণ্য বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।