![]() |
| বকশীগঞ্জে জলাবদ্ধতা দূর করতে ড্রেন কেটে দিলেন বিএনপি নেতা শাকিল |
বকশীগঞ্জে জলাবদ্ধতা দূর করতে ড্রেন কেটে দিলেন বিএনপি নেতা শাকিল
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভায় টানা কয়েক দিনের ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন শত শত মানুষ। এ অবস্থায় পানিবন্দী প্রায় তিন শতাধিক পরিবারের কষ্ট লাঘবে নিজ খরচে ড্রেন কেটে পানি নিষ্কাশনের উদ্যোগ নিয়েছেন এক বিএনপি নেতা।
ব্যক্তিগত খরচে নর্দমা (ড্রেন) খনন করে আটকে থাকা পানি সরানোর এই উদ্যোগ নিয়েছেন বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কয়েক দিনের টানা বর্ষণে নিচু এলাকায় পানি জমে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে এলাকার প্রায় ৩০০টি পরিবারের নিত্যদিনের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। খবর পেয়ে গত রবিবার দুপুরে এলাকাটি পরিদর্শনে যান বিএনপি নেতা সাইফুল ইসলাম তালুকদার শাকিল।
পরিদর্শনকালে ভুক্তভোগী এলাকবাসী তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরলে তিনি পরিস্থিতি বিবেচনায় নিজস্ব অর্থায়নে ড্রেন খনন করে পানি সচল করার আশ্বাস দেন।
পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী, গতকাল সোমবার (২৭ জুলাই) সকাল থেকেই শ্রমিক লাগিয়ে মাটি কেটে ড্রেন খননের কাজ শুরু করা হয়। ড্রেনটি তৈরির ফলে আটকে থাকা জমা পানি দ্রুত বের হয়ে যেতে শুরু করেছে।
কাজের অগ্রগতি পরিদর্শনকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, “টানা বৃষ্টিতে ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কৃত্রিম জলাবদ্ধতায় চরম ভোগান্তি পোহাচ্ছিলেন। পৌরসভার সাধারণ মানুষকে সাময়িক স্বস্তি দিতেই ব্যক্তিগত উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকা থেকে সম্পূর্ণ পানি নিষ্কাশন না হওয়া পর্যন্ত আমাদের এই কাজ অব্যাহত থাকবে।”
সরেজমিনে দ্রুত ড্রেন কেটে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ায় পৌর বিএনপির সাধারণ সম্পাদককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।