![]() |
| দেওয়ানগঞ্জে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক ১, ছয় মাসের কারাদণ্ড |
দেওয়ানগঞ্জে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক ১, ছয় মাসের কারাদণ্ড
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের রেলক্রসিং এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় তারা মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। পরে তাৎক্ষণিকভাবে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই মাদক কারবারিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা রাতে এই অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত তারা মিয়া দেওয়ানগঞ্জ উপজেলার বেলতলী এলাকার বাসিন্দা।
আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারা মিয়া দীর্ঘদিন ধরে দেওয়ানগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় গোপনে মাদকসেবীদের কাছে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিলেন। গতকাল সন্ধ্যা রাতে তিনি পৌর শহরের রেলক্রসিং এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন— এমন একটি সুনির্দিষ্ট গোপন সংবাদ পান দেওয়ানগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
খবর পাওয়ার পরপরই তিনি মাদকবিরোধী এক ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাদক বিক্রির সময় তারা মিয়াকে হাতেনাতে আটক করা হয় এবং তাঁর কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এরপর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ স্বীকার করায় তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। সাজা ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অভিযান প্রসঙ্গে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, “মাদকের মরণব্যাধি থেকে তরুণ সমাজ ও এলাকাকে রক্ষা করতে প্রশাসন বদ্ধপরিকর। পৌর শহরসহ উপজেলার যেকোনো প্রান্তে মাদক বেচাকেনা ও চোরাচালান নির্মূলে আমাদের এই ধরনের ঝটিকা অভিযান ও কঠোর আইনি নজরদারি ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।”







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।