![]() |
| নিজেকে আগে দুর্নীতিমুক্ত হতে হবে, মেলান্দহে এমপি মোস্তাফিজুর রহমান |
নিজেকে আগে দুর্নীতিমুক্ত হতে হবে, মেলান্দহে এমপি মোস্তাফিজুর রহমান
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, “দুর্নীতিবাজরা কখনো দুর্নীতি রোধ বা সমাজকে দুর্নীতিমুক্ত করতে পারে না। যেকোনো সেক্টরকে দুর্নীতিমুক্ত করতে হলে সবার আগে নিজেকে দুর্নীতিমুক্ত ও নীতিবান হতে হবে।”
আজ সোমবার (৬ জুলাই) বেলা আড়াইটার দিকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন আল্ট্রাসনোগ্রাম মেশিন উদ্বোধন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবার জন্য সোলার প্যানেল স্থাপন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসপাতাল মিলনায়তনে চিকিৎসক, সরকারি কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক ও মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আরা।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির এবং যুগ্ম সম্পাদক গোলাম হাফিজ নাহিনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল হাসপাতালের চিকিৎসাসেবার মান বাড়ানোর তাগিদ দিয়ে বলেন, “সরকার প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। হাসপাতালে আধুনিক আল্ট্রাসনোগ্রাম ও সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে সেবার পরিধি আরও এক ধাপ বাড়ল। তবে মনে রাখতে হবে, কেবল আধুনিক যন্ত্রপাতি বসালেই হবে না, চিকিৎসকদের আন্তরিকতা ও সততার সাথে সেবা দিতে হবে। চিকিৎসাসেবা নিয়ে সাধারণ মানুষের কোনো ধরনের হয়রানি বা দুর্নীতি সহ্য করা হবে না।”
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে নতুন আল্ট্রাসনোগ্রাম কক্ষের উদ্বোধন করেন এবং হাসপাতালের সার্বিক সেবার মান সচল রাখতে নবস্থাপিত সোলার প্যানেল প্রজেক্টটি পরিদর্শন করেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।