![]() |
| মেলান্দহে কৃষি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, কৃষিখাতকে স্বনির্ভর ও পুষ্টিসমৃদ্ধ করার তাগিদ |
মেলান্দহে কৃষি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত: কৃষিখাতকে স্বনির্ভর ও পুষ্টিসমৃদ্ধ করার তাগিদ
জামালপুরের মেলান্দহে পুষ্টিসমৃদ্ধ কৃষিখাত গড়ে তোলার মাধ্যমে স্বনির্ভরতা অর্জন ও বিশ্ববাজারে দেশীয় কৃষি পণ্যের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে ‘কৃষি পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই গুরুত্বপূর্ণ কংগ্রেসের আয়োজন করা হয়।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আরার সভাপতিত্বে অনুষ্ঠিত এই কংগ্রেসে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন— কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালপুরের উপপরিচালক (ডিডি) মোহাম্মদ আলম শরিফ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং মেলান্দহের কৃষি চিত্র তুলে ধরেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুর রউফ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন— মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান, বিএডিসি সার ডিলার সমিতির সভাপতি আলহাজ রফিকুল ইসলাম রহিম এবং মেলান্দহ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির প্রমুখ।
কংগ্রেসে বক্তারা বলেন, "ঐতিহ্যগত কৃষির খোলস থেকে বের হয়ে আধুনিক ও প্রযুক্তিগত কৃষির দিকে ধাবিত হওয়া এখন সময়ের দাবি। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের পাশাপাশি বাংলাদেশের কৃষিখাতকে পুষ্টিসমৃদ্ধ করে তুলতে হবে। তবেই দেশ খাদ্যে স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক বা বিশ্ববাজারে রফতানিযোগ্য মানদণ্ডে টিকে থাকতে পারবে।"
এ সময় বক্তারা মাঠপর্যায়ের কৃষক, ডিলার ও কৃষি কর্মকর্তাদের সমন্বিত অংশীদারত্বের (পার্টনারশিপ) মাধ্যমে সরকারের আধুনিক কৃষি নীতি বাস্তবায়নের আহ্বান জানান।
উক্ত কৃষি পার্টনার কংগ্রেসে মেলান্দহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সফল কৃষক, আধুনিক কৃষি উদ্যোক্তা, বিএডিসি ও বিসিআইসি সার-বীজ ডিলার, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।