![]() |
| মেলান্দহে ৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২, একজন ৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি |
মেলান্দহে ৩টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার
জামালপুরের মেলান্দহে পুলিশ ও স্থানীয় জনতার যৌথ তৎপরতায় ৩টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জামালপুর জেলহাজতে সোপর্দ করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মেলান্দহ উপজেলার দক্ষিণ মহিরামকুল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আসাদুল ওরফে আশরাফ (৩৮) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাড়াডাঙ্গি গ্রামের সফিন উদ্দিনের ছেলে সোহাগ মিয়া (৩৫)। গ্রেফতারকৃত সোহাগ মিয়া বর্তমানে মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের পশ্চিম থুরী গ্রামে শ্বশুর লাল মিয়ার বাড়িতে স্থায়ীভাবে বসবাস আসছিলেন। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে আশরাফ অত্যন্ত ধূর্ত এবং তিনি বিভিন্ন থানায় দায়ের হওয়া ৫টি মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি।
মেলান্দহ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেলান্দহের আদ্রা এলাকায় চোরাই মোটরসাইকেল কেনাবেচা ও হাতবদল হচ্ছে— এমন একটি সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানার অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের সোর্স এবং স্থানীয় সচেতন বাসিন্দাদের প্রত্যক্ষ সহায়তায় ওই এলাকায় ঘেরাও করে আশরাফ ও সোহাগকে ৩টি চোরাই মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করা হয়।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আটকের পর আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা মোটরসাইকেল চুরির সিন্ডিকেটের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া জবানবন্দি ও তথ্যের ওপর ভিত্তি করে চোর চক্রের মূল হোতাদের ধরতে এবং বিগত দিনে চুরি হওয়া আরও মোটরসাইকেল উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।"
এদিকে, উদ্ধারকৃত মোটরসাইকেলের প্রকৃত মালিক জামালপুর সদর থানার নুরুন্দি ব্রহ্মোত্তর এলাকার বাসিন্দা সৈয়দ মফিজুল ইসলাম বাদী হয়ে মেলান্দহ থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ আসামিদের জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।