![]() |
| মেলান্দহে পৃথক ঘটনায় মামা-ভাগিনাসহ ৩ জনের মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া |
মেলান্দহে পৃথক ঘটনায় মামা-ভাগিনাসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু
জামালপুরের মেলান্দহ উপজেলায় পৃথক দুটি ঘটনায় দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৬ ঘণ্টা পর পুকুরের পানি থেকে আপন মামা-ভাগিনার ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। অন্যদিকে আশ্রয়ন প্রকল্পে দাপ্তরিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) উপজেলার পৃথক স্থানে এই দুর্ঘটনাগুলো ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেলান্দহ উপজেলার রায়েরবাঁকাই গ্রামের মঞ্জু মিয়ার ছেলে সিফাত (১০) এবং রফিকুল ইসলামের ছেলে আশরাফ হোসেন আনাস (৯) সম্পর্কে আপন মামা-ভাগিনা। মঙ্গলবার বিকেল ৩টা থেকে তারা দুজনে হঠাৎ নিখোঁজ হয়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা চারদিকে অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি।
অবশেষে রাত ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে শিশুদের পায়ের স্যান্ডেল ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুকুরের পানিতে নেমে তল্লাশি চালিয়ে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়। একই সাথে দুই শিশুর এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
অপরদিকে, একই দিন বিকেলে মেলান্দহ উপজেলায় সরকারি আশ্রয়ন প্রকল্পের ভেতর ঠিকাদারি কাজের অধীনে বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় আকরাম হোসেন নামের এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। অসাবধানতাবশত লাইনে জড়িয়ে পড়ায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত আকরাম হোসেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বটতলা গ্রামের খোকন মিয়ার ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুকুর থেকে দুই শিশুর এবং আশ্রয়ন প্রকল্প থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এই দুই ঘটনার কোনোটিতেই পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।