![]() |
| মেলান্দহে ভারী বর্ষণে ডুবলো অর্ধশতাধিক বিঘার বোরো ধান: দিশেহারা কৃষক |
মেলান্দহে ভারী বর্ষণে বোরো ধান পানির নিচে: ফসল ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তা
জামালপুরের মেলান্দহ উপজেলায় গত কয়েকদিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে অর্ধশতাধিক বিঘার বোরো ধান। উপজেলার ফুলকোচা ইউনিয়নের গোদাডাঙ্গার বিলের পানি কানায় কানায় ভরে যাওয়ায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে পাকা ও আধা-পাকা ধান ঘরে তোলা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিলের পানি প্রবাহের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় চারদিকের বৃষ্টির পানি বিলে জমে ধানের জমিতে এখন থৈ থৈ পানি। কৃষক গোলাম মোস্তফা (৬৫) আক্ষেপ করে বলেন, "অন্যান্য বছর এই বিলে বোরো ও রোপা আমন—দুটি ফসলই ভালো হয়। কিন্তু এবার বৃষ্টির পানি আর কচুরিপানায় মাঠ ভরে গেছে। ধান ক্ষেতে এখন সাঁতার পানি। এ বছর এক মণ ধানও ঘরে তুলতে পারব কি না জানি না।"
আরেক ভুক্তভোগী কৃষক রিয়াজুল ইসলাম (৪৫) জানান, বর্ষার পানি নামার জন্য আগে ছোট একটি খাল ছিল। বর্তমানে সেই খালটি বন্ধ হয়ে যাওয়ায় পানি বের হতে পারছে না। ফলে তাদের প্রায় ২০ বিঘা জমির পাকা-অর্ধপাকা ধান এখন পানির নিচে পচে যাওয়ার উপক্রম হয়েছে।
স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী (৩৫) জানান, বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত পানি না নামলে কৃষকদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।
এ বিষয়ে মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ জানান, "ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে। আমরা ইতোমধ্যে বিস্তারিত তথ্য ঊর্ধ্বতন মহলে প্রেরণ করেছি।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।